কাপ্তাইয়ে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। জমির প্রয়োজন অনুযায়ী সারের সুষম ব্যবহার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষিখাতে সরকারের ধারাবাহিক সহায়তার ফলে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপকারভোগী কৃষকরা।











