সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার এবং রূপকারী ইউনিয়নের আওতাধীন দুইটিলা সেনাক্যাম্প এলাকায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১ জুলাই) সকালে ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।
গাছের চারা পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ বাঘাইহাট জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সহায়ক হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও বৃদ্ধি করবে।
বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, জনগণের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।











