ঢাকা | জুন ২০, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই বিএসপিআইয়ের প্রধান ফটকের সামনে সড়কের বেহাল অবস্থা, পথচারীদের দুর্ভোগ চরমে

  • আপডেট: Saturday, June 20, 2026 - 6:18 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট (বিএসপিআই) এর প্রধান ফটকের সামনে সড়কটির দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের গর্তে জমে থাকা কাদা ও ময়লা যানবাহনের চাকার সঙ্গে ছিটকে শিক্ষার্থীদের শরীরে পড়ছে। ফলে অনেক সময় ময়লা পোশাক নিয়েই ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।

বিএসপিআইয়ের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সৌরভ বলেন, “ইন্সটিটিউটের প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। চলাচলের সময় কাদা ও ময়লা শরীরে পড়ে, যার ফলে স্বাভাবিকভাবে ক্লাস করা কঠিন হয়ে যাচ্ছে। দিন দিন এ নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ বাড়ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটি, কাপ্তাই বন বিভাগ, বাংলাদেশ বন শিল্প কারখানা, পুলিশ সার্কেল অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত যাতায়াত করেন। এছাড়াও প্রতিদিন শত শত পর্যটক রাঙামাটি ভ্রমণের উদ্দেশ্যে এ সড়ক ব্যবহার করেন।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস বলেন, “কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। ক্লাসে আসতে গিয়ে শিক্ষার্থীরা কাদা ও ময়লার শিকার হচ্ছে। বিষয়টি প্রশাসনিকভাবে অবহিত করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।”

এলাকাবাসী নারায়ণ দাশ, মো. ইকবাল ও রাশেদ দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, “সড়কটি সওজ রাঙামাটির তালিকাভুক্ত না হওয়ায় টেন্ডার প্রক্রিয়া নেওয়া যাচ্ছে না। তবে সড়কের ছোটখাটো গর্তগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”