ঢাকা | জুন ২০, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা রাখতে হবে: ঢাবি উপাচার্য

  • আপডেট: Saturday, June 20, 2026 - 7:19 pm

ডেস্ক রিপোর্ট।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত “Youth Voice for Social Protection” শীর্ষক UNDP-DUDS বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীম আনজুম উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে বিতর্কের মতো সহ-শিক্ষামূলক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং সামাজিক ব্যাধি নির্মূলে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিতর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি এবং সমস্যা তুলে ধরার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ইউএনডিপি বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী সংস্থা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনডিপি’র সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।