ঢাকা | জুন ২০, ২০২৬ - ১:৪৪ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে রাজনগর বিজিবি’র উদ্যোগে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান

  • আপডেট: Saturday, June 20, 2026 - 12:10 pm

লংগদু (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পরিবেশ দূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুন) সকাল ১০টায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের উদ্যোগে উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজার এলাকায় এ বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার।

অভিযান চলাকালে বিজিবির সদস্যরা চৌমুহনী বাজার ও আশপাশের এলাকা থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন। একইসঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বিজিবির এ পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এমন পরিচ্ছন্নতা অভিযান শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার মানসিকতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের আশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।