ঢাকা | জুন ২০, ২০২৬ - ৩:০৯ অপরাহ্ন

শিরোনাম

আবদুস সাদেকের মৃত্যুতে ফুটবল ও হকি ফেডারেশনের শোক

  • আপডেট: Saturday, June 20, 2026 - 2:12 pm

ক্রীড়া প্রতিবেদক।। বাংলাদেশ হকি দলের প্রথম অধিনায়ক এবং দেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব আব্দুস সাদেক আর নেই। তিনি আজ সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গনে এখন শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশনসহ দেশের অন্যান্য ফেডারেশন এবং ক্রীড়া সংস্থা।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত আব্দুস সাদেকের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক শোক বার্তায় লিখেছে, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন হারালো তার অন্যতম বরেণ্য ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বকে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশী হকি ও ফুটবলের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আবদুস সাদেক ইন্তেকাল করেছেন।

খেলোয়াড়, অধিনায়ক, কোচ, সংগঠক এবং ক্রীড়া প্রশাসক হিসেবে এক গৌরবময় দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি অনন্য অবদান রেখে গেছেন। তিনি অত্যন্ত গর্বের সঙ্গে স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হকি দলের অধিনায়কত্ব করেছিলেন এবং এমন এক কীর্তি রেখে গেছেন যা আগামী প্রজন্মের অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীদের অনুপ্রাণিত করে যাবে। বাফুফে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ফটুবল ফেডারেশনের সহ-সভাপতিবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সম্পাদক এবং কর্মকর্তা-কর্মচারী গভীর শোক জানিয়েছে।

ফুটবল, হকি বাদেও, আর্চারি, টেবিল টেনিস, ব্যাডমিন্টনসহ দেশের বিভিন্ন ফেডারেশন কিংবদন্তী এই ক্রীড়াবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। এক শোক বার্তায় বিএসপিএ লিখেছে, ‘শুধু হকি খেলোয়াড়ই নন, ফুটবলার হিসেবেও অনেক খ্যাতি ছিল আব্দুস সাদেকের। আবাহনী প্রথম ফুটবল দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে সাব্যসাচী খেলোয়াড় হিসেবেই পরিচিতি ছিল তাঁর। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠক হিসেবেও কাজ করেন আব্দুস সাদেক। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে বিএসপিএ।’

মৃত্যুকালে আব্দুস সাদেকের বয়স হয়েছিল ৭৮ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি বলা হয় আব্দুস সাদেককে। সত্তর-আশির দশকে একসঙ্গে ফুটবল, হকি দুটোই খেলেছেন। ১৯৭২ সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক সাদেক। বাংলাদেশ হকি অধিনায়কের তালিকাতেও তাঁর নাম প্রথমে। ১৯৭৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের ‘আর্মব্যান্ড’ ছিল আব্দুস সাদেকের হাতেই।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রাখায় ১৯৯৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন আবদুস সাদেক। শুধু তারকা খেলোয়াড়ই নন, তিনি ছিলেন দক্ষ ক্রীড়া সংগঠকও।

মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বায়তুস সোবহান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।