ঢাকা | জুলাই ১৩, ২০২৬ - ৫:০৬ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির নির্বাচন ১৬ জুলাই

  • আপডেট: Monday, July 13, 2026 - 3:05 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। বাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রার্থীর পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক বাজার গড়ে তোলার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই উপজেলা সমবায় অফিসার হিমেল দে জানান, এবারের নির্বাচনে মোট ভোটার ৫০২ জন। ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি জানান, সভাপতি পদে বর্তমান সভাপতি মো. জয়নাল আবেদীন (ছাতা) ও আলহাজ আবদুল আলীম কালাম (চেয়ার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ-সভাপতি পদে চারজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুজন, সাংগঠনিক সম্পাদক পদে দুজন, অর্থ সম্পাদক পদে দুজন এবং কার্যকরী সদস্যের ছয়টি পদের জন্য ছয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

সভাপতি প্রার্থী আলহাজ আবদুল আলীম কালাম বলেন, নির্বাচিত হলে বাজারের সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল বাজার গড়ে তুলতে কাজ করবেন।

অন্যদিকে বর্তমান সভাপতি ও সভাপতি প্রার্থী মো. জয়নাল আবেদীন বলেন, সদস্যরা আবারও দায়িত্ব দিলে বাজারের সার্বিক উন্নয়নের পাশাপাশি সদস্যদের মৃত্যু তহবিল আরও সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ সম্পাদক প্রার্থী মো. তরিক উল্লাহ বলেন, তিনি ইতোমধ্যে সদস্যদের কাছে নির্বাচনী ইশতেহার পৌঁছে দিয়েছেন। এতে বাজারে অবাধ গবাদিপশুর বিচরণ বন্ধ, নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত, প্রবীণ ও বর্তমান সদস্যদের যথাযথ সম্মান প্রদান এবং বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের অঙ্গীকার করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি লোকমান আহমেদ বলেন, আগামী ১৬ জুলাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিমেল দে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায়ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।