ঢাকা | মে ৭, ২০২৬ - ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাই জাতীয় উদ্যানে মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত

  • আপডেট: Thursday, May 7, 2026 - 10:26 am

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের জাতীয় উদ্যানে একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বন কর্মীরা বানরটিকে অবমুক্ত করেন।

এসময় কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাঈম, মিঠু তালুকদার, ওসমান গনিসহ বন বিভাগের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, একই দিন দুপুর ১২টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় রাঙামাটির বরকল উপজেলার ১৫১ নম্বর গর্জনতলী মৌজার লোকালয় থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেন বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। পরে প্রাণীটির স্বাভাবিক আবাসস্থল বিবেচনায় কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফুলী রেঞ্জে অবমুক্তের জন্য হস্তান্তর করা হয়।

রাত ৯টার দিকে যোগাযোগ করা হলে বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) রেড লিস্ট অনুযায়ী বিপন্ন (Endangered) শ্রেণিভুক্ত একটি মহাবিপন্ন প্রাণী। কাপ্তাই জাতীয় উদ্যানে এ প্রজাতির বানর মাঝে মাঝে দেখা যায় বলেও তিনি উল্লেখ করেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বন বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে।