লামায় মায়া হরিণ উদ্ধার, পাঠানো হলো ডুলাহাজারা সাফারি পার্কে
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় বন বিভাগের কর্মীরা একটি মায়া হরিণ উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কে স্থানান্তর করেছেন। ধারণা করা হচ্ছে, কোনো শিকারীর কবল থেকে প্রাণীটি পালিয়ে আসে।
বুধবার (৬ মে) বিকেল ৫টার দিকে লামা বন বিভাগের কর্মীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি এলাকার একটি পাহাড়ে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি ওজনের ছোট জাতের একটি মায়া হরিণী উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিণটিকে আগে কোনো শিকারী আটক করে রেখেছিল। পরে বন বিভাগের কাছে খবর পৌঁছে গেলে শিকারীরা হরিণটির পা বেঁধে জঙ্গলের একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। একপর্যায়ে হরিণটি সেখান থেকে মুক্ত হয়ে বনের দিকে ছুটতে থাকে। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর হরিণটির প্রাথমিক পরিচর্যা শেষে উন্নত সুরক্ষার জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী রক্ষা ও অবৈধ শিকার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।











