ঢাকা | জুন ২২, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা আদায়

  • আপডেট: Monday, June 22, 2026 - 9:17 pm

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ সংরক্ষণ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় পরিচালিত এ অভিযানে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারিশ্যা ইউনিয়নের বিভিন্ন নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় অভিযুক্ত দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাঁদের কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি বলেন, “সরকারি আইন অমান্য করে কেউ যেন নদী বা প্রাকৃতিক উৎস থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশবিধ্বংসী এ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা এবং নদী রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। ফলে অবৈধ বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।