ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রুমার দুর্গম ৭ গ্রামে সেনাবাহিনীর মানবিক সহায়তা

 

 

রুমা (বান্দরবান) প্রতিনিধি:

 

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার সাতটি অবহেলিত গ্রামের বাসিন্দাদের মাঝে শিক্ষা, নিরাপত্তা, পানি ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম জনপদের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি (বার), পিএসসির সার্বিক তত্ত্বাবধানে ৩৬ বীরের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণ করা সামগ্রীর মধ্যে পুরাতন নোকো পাড়ায় নিরাপত্তা বাতি, দুই হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক ও সোলার সিস্টেম দেওয়া হয়। এনো পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আলমারি, নিরাপত্তা বাতি ও সোলার সিস্টেম এবং প্রংফুং, মেনরুই ও নতুন নোকো পাড়ায় সোলার সিস্টেম ও নিরাপত্তা বাতি বিতরণ করা হয়। এছাড়া কেউতাই ও খুলিয়ান পাড়ার বাসিন্দাদের মধ্যে ফুটবল, ভলিবল, নেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের দুর্গম এনো পাড়ায় শতাধিক মানুষের বসবাস। সেখানে ৩৮ জন শিক্ষার্থী নিয়ে একটি বিদ্যালয় পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে পানির সংকটসহ নানা সুযোগ-সুবিধার অভাবে কষ্টে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।

 

এনো পাড়া স্কুলের শিক্ষক মেনওয়াই ম্রো বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যালয়ের জন্য আলমারি এবং পাড়াবাসীর জন্য পানির পাইপ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন জোন কমান্ডার। এমন মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

পুরাতন নোকো পাড়ার এক বাসিন্দা জানান, আগে খাবার পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল হাঁটতে হতো। বিশেষ করে গর্ভবতী নারীদের পানি সংগ্রহে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হতো। সেনাবাহিনীর দেওয়া দুই হাজার লিটারের পানির ট্যাংক ও সোলার সিস্টেমের ফলে পানির সংকট মোকাবিলার পাশাপাশি সন্ধ্যার পর শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ তৈরি হবে।

 

রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে রুমার দুর্গম গ্রামগুলোতে শিক্ষা, স্বাস্থ্য ও সুপেয় পানির সংকট নিরসনে শিক্ষা উপকরণ, মেডিকেল ক্যাম্প, পানির ট্যাংক, পাইপ ও প্রয়োজনীয় আসবাবপত্র সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি জনপদে এ ধরনের সহায়তা মানুষের দৈনন্দিন প্রয়োজন পূরণের পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সম্পর্কিত