ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

পানছড়িতে অবৈধ ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে একটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এক্সকাভেটর দিয়ে ইটভাটার চুল্লির মুখ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়। ইটভাটাটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।

 

পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।

 

অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

 

অভিযানের সময় পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নেভানো হয়। পরে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে চুল্লির মুখ ভেঙে দেওয়া হয়, যাতে ভাটাটি পুনরায় চালু করা না যায়।

 

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশদূষণ রোধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত