ঢাকা | নভেম্বর ১৮, ২০২৬ - ১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

লক্ষ্মীছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম অঞ্চলে সৌরশক্তি চালিত পানির পয়েন্ট স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি:

 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। সেনাবাহিনীর এ উদ্যোগে স্বস্তি ফিরেছে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকটে থাকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এর ফলে বিনাজুড়িপাড়া ও আশপাশের এলাকার প্রায় ১০০ থেকে ১২০ জন মানুষ নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে বিনাজুড়িপাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিলেন। বিশেষ করে শীত মৌসুমে পানি সংগ্রহ করতে গিয়ে নারী, শিশুসহ স্থানীয়দের নানা দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পানি সংকট নিরসনে উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার আনুষ্ঠানিকভাবে পানির পয়েন্টটির উদ্বোধন করেন। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সেনাবাহিনীর এ জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।

 

উদ্যোগটির ফলে দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ বিষয়ে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, “পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সকল প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনী সবসময় জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থ জনকল্যাণে আপসহীন। বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আমরা আশাবাদী। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনও ভবিষ্যতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

সম্পর্কিত