চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম হারলা এলাকায় সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো বাসিন্দা। পৌরসভা প্রতিষ্ঠার ২৪ বছর পার হলেও এ ওয়ার্ডের সড়ক যোগাযোগ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তা সংস্কারের নামে দায়সারা কাজ করা হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের কাছে পশ্চিম হারলা, মুছা তালুকদার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর, পূর্ব ও মধ্যম হারলার হাজারো মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। গাছবাড়িয়া-বরকল সড়ক, বর্তমান শহীদ মুরিদুল আলম সড়কের দক্ষিণ পাশে অবস্থিত এ সড়কটি চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘীর পশ্চিম পাড় থেকে আবদুর রশিদের বাড়ি পর্যন্ত প্রায় ২৪০ মিটার দীর্ঘ সড়কটির উন্নয়নে ২০২৩-২৪ অর্থবছরে জেলা পরিষদ থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দের বিপরীতে সড়কের পশ্চিম পাশে মাত্র ৫০ মিটার কাজ করেই ঠিকাদার চলে যান। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও পরবর্তী সময়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সড়কটির উন্নয়নে ৩৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বরাদ্দে আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হলেও মাত্র ছয় মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। বিষয়টি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসককে জানানো হলে ঠিকাদার ফাটলযুক্ত স্থানে সিমেন্ট দিয়ে দায়সারা মেরামত করেন বলে স্থানীয়দের অভিযোগ।
বর্তমানে সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত সড়কে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু, শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার মেয়র ও সংশ্লিষ্ট ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে বিরোধের কারণে পশ্চিম হারলা এলাকার সড়ক উন্নয়ন ও সংস্কার কার্যক্রম দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। জনপ্রতিনিধিদের পারস্পরিক দ্বন্দ্বের প্রভাব সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করছেন তাঁরা।
এ অবস্থায় পশ্চিম হারলার গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সরেজমিন পরিদর্শন করে নিম্নমানের কাজ ও বরাদ্দের যথাযথ ব্যবহার তদন্তের পাশাপাশি টেকসই সংস্কার ও উন্নয়নকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।











