ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ৭:০১ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, কেনাকাটা ও বিল-ভাউচারে অনিয়মের সত্যতা মিলেছে

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

 

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল।

 

হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং দুদকের কাছে রোগীদের দেওয়া অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র, বিল-ভাউচার ও কেনাকাটাসংক্রান্ত কাগজপত্র যাচাই করেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় সরকারি ওষুধ ক্রয় ও বিতরণসহ বিভিন্ন খাতে সম্ভাব্য অনিয়মের বিষয়েও অনুসন্ধান করা হয়।

 

দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিল-ভাউচার ও কেনাকাটায় অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন লিখিতভাবে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অন্যদিকে, এ বিষয়ে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু বিল-ভাউচারে ত্রুটি পাওয়া গেছে। তবে এগুলো গুরুতর কোনো সমস্যা নয় বলে তিনি দাবি করেন।

 

দুদকের এ অভিযানের পর রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়মের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সম্পর্কিত