ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

দীঘিনালায় সাপের কামড়ে বিজিবি সদস্য গুরুতর আহত, আশঙ্কামুক্ত মাহবুব আলম

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পার্বত্য সীমান্তে দায়িত্ব পালনকালে বিষধর সাপের কামড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত ওই বিজিবি সদস্যের নাম মাহবুব আলম (৩০)। তিনি কুমিল্লা জেলার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকা মাহবুবুল চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ জানান, গতকাল বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাবুছড়া এলাকার পূর্ব লক্কাছড়া বিওপির (বর্ডার আউটপোস্ট) ডিউটি পোস্টে দায়িত্ব শুরু করার কয়েক মিনিটের মাথায় এই ঘটনা ঘটে। ডিউটি পোস্টের পাশে একটি উঁচু মাটির স্তূপে হাত দেওয়ামাত্রই মাহবুবুলের বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটি বিষধর সাপ কামড় দেয়।

বিওপিটি অত্যন্ত দুর্গম ও উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় সেখান থেকে হেঁটে বা গাড়িতে ব্যাটালিয়ন সদরে পৌঁছাতে প্রায় পাঁচ দিন সময় লাগে। ফলে তাৎক্ষণিকভাবে সেখানে কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তাঁকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় এবং রক্ত জমাট বাঁধার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রক্তের নমুনা পরীক্ষা করা হয়।

উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিজিবি মহাপরিচালকের বিশেষ প্রচেষ্টায় একটি জরুরি হেলিকপ্টারের (এয়ার ইভাকুয়েশন) ব্যবস্থা করা হয়। আবহাওয়া অনুকূলে আসার পর সকাল ১০:৩০ মিনিটে হেলিকপ্টারযোগে তাঁকে দ্রুত চট্টগ্রাম সেনানিবাসে এনে সিএমএইচের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হাতে কামড়ের ক্ষত ও ফোলা থাকলেও সঠিক সময়ে চিকিৎসার কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সম্পর্কিত