ঢাকা | নভেম্বর ৫, ২০২৬ - ৬:৫০ অপরাহ্ন

শিরোনাম

জাতীয়

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই উচিত জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাগেরহাট প্রতিনিধি।। দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে লিপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালে যেভাবে দেশের মানুষ ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিয়েছিল, আগামী দিনেও সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ ও শ্রমিকদের সাথে নিয়ে একইভাবে তাদের রুখে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৫-১৬ বছর ধরে যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করেছিল, তারা ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে সেই পরাজিত শক্তিই সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ মিল-কারখানা ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।

শিল্পখাত রক্ষায় শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মিল-কারখানাগুলো এদেশের মানুষের ও শ্রমিকদের নিজস্ব সম্পদ। এগুলো ধ্বংস হলে সবার আগে খেটে খাওয়া মানুষ, শ্রমিক ও তাদের সন্তানদের ভবিষ্যৎ বিপন্ন হবে। বর্তমান নির্বাচিত সরকার জনগণের ভাগ্যের পরিবর্তন ও দেশ গঠনে দিনরাত পরিশ্রম করছে এবং কোনো অবস্থাতেই এই অগ্রযাত্রাকে ভেস্তে যেতে দেওয়া হবে না।

শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পোশাক শ্রমিকদের মজুরি সংক্রান্ত দাবি-দাওয়া পর্যালোচনার জন্য ইতিমধ্যেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করে দিয়েছে। আগামী দুই-এক মাসের মধ্যেই এই বোর্ড নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করবে, যার ফলে শ্রমিকরা আরও ভালো থাকতে পারবেন।

বক্তব্যের শেষভাগে প্রধানমন্ত্রী দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকারের এখন লক্ষ্য একটাই—‘করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ উৎপাদনশীল পরিবেশ বজায় রাখতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত