ঢাকা | নভেম্বর ৪, ২০২৬ - ৫:২৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

মা ও শিশুদের সুচিকিৎসায় সর্বোচ্চ সহযোগীতার আশ্বাস চ নু মং এর

নিজস্ব প্রতিবেদক।।

 

বান্দরবানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি মা ও শিশু হাসপাতালের দীর্ঘদিনের সংকট নিরসনে আলোচনা করা হয়।

 

সম্প্রতি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক উঃ চ নু মং মারমা। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. লেনিন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) আবু সালেহ মো. ফোরকান উদ্দীন।

 

প্রধান অতিথির বক্তব্যে উঃ চ নু মং মারমা বলেন, “তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করে তুলতে হবে। মাতৃমঙ্গল কেন্দ্রগুলোকে সুন্দর, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। মা ও শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”

 

সভায় বান্দরবান মা ও শিশু হাসপাতালের জন্য আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজন, চিকিৎসক সংকট নিরসন এবং বদলিসংক্রান্ত জটিলতা দূর করার দাবি উঠে আসে। এসব সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ও জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যামাচিং মারমার সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রধান অতিথি।

 

সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কামরুল মনির রিবন, জেএসআই প্রকল্পের কনসালটেন্ট ডা. অংচালু, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত