ঢাকা | নভেম্বর ৪, ২০২৬ - ৩:২০ অপরাহ্ন

শিরোনাম

রাজধানী

মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন দিয়াবাড়ী এলাকার নবাবেরবাগে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার অধীনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সকাল ৭টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হলেও এই ঘটনায় আর কেউ আহত হননি বলে জানানো হয়েছে।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।

উদ্ধারকাজ শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন।

পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে কাজ চলছে।

সম্পর্কিত