রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি বাংলাদেশ লেবার পার্টির
ডেস্ক রিপোর্ট।। দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত রাশেদ খাঁনকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
আজ রোববার (১ নভেম্বর) দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, রাশেদ খাঁনের এই আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা এবং সরকারের সমালোচনামূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে ক্ষুব্ধ মানসিকতার বহিঃপ্রকাশ। এই ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না বলেও তিনি উল্লেখ করেন।
লেবার পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয় পেয়ে রাশেদ খাঁন বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। কোনো সংবাদপত্রের বক্তব্যে দ্বিমত থাকলে তা যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে মোকাবিলা না করে প্রকাশ্য রাস্তায় পত্রিকা ছেঁড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত।
তিনি আরও যোগ করেন, ‘দৈনিক আমার দেশ’ পত্রিকাটি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক মানুষের কণ্ঠস্বর। তাই রাশেদ খাঁনকে অবিলম্বে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণ করে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা চাটুকার ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না।











