পাবনায় বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ তরুণের করুণ মৃত্যু
পাবনা প্রতিনিধি।। পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর সোনাপাতি বিলে মাছ ধরার সময় আচমকা বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে সর্বশেষ তথ্যে জানা গেছে। নিহত ও আহতদের সবাই স্থানীয় কিশোর ও তরুণ।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এবং পাবনা সদর থানার পুলিশ প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও ইউপি চেয়ারম্যান জানান, বিকেলে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে বিলে মাছ ধরতে যাওয়া এবং নদীর নালায় বড়শি ফেলতে যাওয়া বেশ কয়েকজন কিশোর ও তরুণ বিলের মাঝের একটি অস্থায়ী পলিথিনের মাচাং ঘরে আশ্রয় নেন। এ সময় ওই অস্থায়ী ঘরের ওপর সরাসরি বজ্রপাতটি আঘাত হানলে ভেতরে থাকা ব্যক্তিরা প্রচণ্ডভাবে দগ্ধ হন এবং ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত বিলে নেমে হতাহতদের উদ্ধার করেন। আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হতাহতদের নাম ও পারিবারিক পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া এখনও চলছে।











