ঢাকা | অক্টোবর ২৯, ২০২৬ - ৮:১৮ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলীতে সাড়ে ৩ লাখ টাকা এআইজিএ অনুদান বিতরণ

 

 

রাজস্থলী প্রতিনিধি:

 

রাঙামাটির রাজস্থলীতে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার প্রকল্পের আওতায় বননির্ভর হতদরিদ্র নারীদের মধ্যে আয়বর্ধনমূলক কার্যক্রমের জন্য নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। কানাডা সরকারের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় উপকারভোগী নারী দলের সদস্যদের প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেওয়া হয়।

 

সম্প্রতি উপজেলার কাপ্তাই হেডম্যানপাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ সাইটের অন্তর্ভুক্ত হলুদিয়াপাড়ায় এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রকল্পের আহ্বায়ক তীমথি খিয়াং।

 

কানাডা সরকারের অর্থায়নে ERRD, CHT-UNDP ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ বাস্তবায়নে পরিচালিত জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার প্রকল্পের (BERCR) আওতায় এ সহায়তা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডিস্ট্রিক্ট ম্যানেজার বিহীত বিধান খীসা, BERCR প্রকল্পের জেলা কর্মকর্তা কামনাশীষ খীসা, স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা। দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ফ্যাসিলিটেটর জনি খিয়াং।

 

অনুদান পেয়ে উপকারভোগীরা কানাডা সরকার, ইউএনডিপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় এআইজিএর সুফলভোগী সদস্য ও বিসিজির সাধারণ সম্পাদক দৈবকি ত্রিপুরা বলেন, প্রাপ্ত অর্থ দিয়ে হাঁস-মুরগি কিনে লালন-পালনের পরিকল্পনা রয়েছে তাঁর। উৎপাদন বাড়লে সেগুলো বিক্রির অর্থ সন্তানদের পড়াশোনায় ব্যয় করার পাশাপাশি সংসারের আর্থিক অবস্থার উন্নয়নেও কাজে লাগাতে চান তিনি।

 

তিনি আরও আশা প্রকাশ করেন, এ ধরনের আয়বর্ধনমূলক উদ্যোগের মাধ্যমে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং বন ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীলতা কমবে।

 

অনুষ্ঠানে স্থানীয় পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতে এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

সম্পর্কিত