টাকা তুলতে পারবেন গ্রাহকরা
১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের সব সেবা চালু
ডেস্ক রিপোর্ট।। আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির গ্রাহকরা সব ধরনের ব্যাংকিং সেবা পূর্ণমাত্রায় গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা দেশের যেকোনো শাখা ও এটিএম বুথ থেকে তাঁদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। একই দিন থেকে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকের সব ডিজিটাল ও অনলাইন সেবা সম্পূর্ণ সচল হবে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক।
এ সময় বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গভর্নর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা ও ব্যাংকিং খাতের প্রতি জনআস্থা ধরে রাখার ওপর গুরুত্ব দেন। তিনি আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। গভর্নরের নির্দেশনার পর আজ দুপুরে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আগামী ১৫ অক্টোবর থেকে সব শাখা ও এটিএম বুথে গ্রাহকসেবা নিশ্চিত করতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগের ফলে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় ন্যাশনাল ব্যাংক পূর্ণ গতিতে ফিরছে। দীর্ঘ সময় পাশে থাকার জন্য গ্রাহকদের প্রতি আমরা কৃতজ্ঞ। খেলাপি ঋণ আদায়ে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে। সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।”
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, ১৫ অক্টোবর থেকে সেবা নির্বিঘ্ন রাখতে সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।











