বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচে উগলছড়ি তরুণ সংঘের জয়
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে হাটহাজারী ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে স্বাগতিক উগলছড়ি তরুণ সংঘ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী উগলছড়ি স্কুল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় উগলছড়ি তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ম্যাচে স্বাগতিক দলের মুখোমুখি হয় চট্টগ্রাম থেকে আসা হাটহাজারী ফুটবল একাডেমি।
শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত হাটহাজারী ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে উগলছড়ি তরুণ সংঘ।
খেলা উপভোগ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কপিল উদ্দিন এবং ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
আয়োজকরা জানান, এলাকার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
খেলা দেখতে উগলছড়ি স্কুল মাঠে স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে দর্শকরা পুরো ম্যাচ উপভোগ করেন।











