ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক রাজু হামিদের ওপর হামলা, বিডিজেএ’র নিন্দা ও উদ্বেগ প্রকাশ

  • আপডেট: Sunday, July 26, 2026 - 10:28 am

ডেস্ক রিপোর্ট।। অনিয়ম, দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন ( বিডিজেএ) ঢাকার সাবেক যুগ্ন সম্পাদক রাজু হামিদ এবং তার টিমের সদস্যরা। এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবীও জানানো হয়েছে।

আজ রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক সানবির রুপল পেশাগত দায়িত্ব পালনকালে রাজু হামিদ এবং তার টিমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের তথ্য সংগ্রহ করতে গিয়ে এ ধরনের হামলার ঘটনা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।

এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকতার পরিপন্থি এবং একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের ন্যাক্কারজনক হামলা সাংবাদিক সমাজ মেনে নেবে না। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সংগঠনগুলো নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

এদিকে এই ঘটনায় মানিকগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে সাংবাদিক রাজু হামিদ। অভিযুক্তদের মধ্যে একজন সরকারি সাব-রেজিস্ট্রার বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন— বর্তমানের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসান (৫০) এবং তার সহযোগী মো. আল মামুন (৩৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরো দু-তিনজনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মুজাহিদুল ইসলাম ওরফে রাজু হামিদ ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’-এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা অ্যাফেয়ার্স’-এর সম্পাদক। তার সাথে থাকা সহকর্মী শেখ মোখলেছুর রহমান (শহীদ) একই পোর্টালে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

ঘটনার বিবরণ দিয়ে অভিযোগে বলা হয়, নবাবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ থানাধীন গঙ্গাধরপট্টি এলাকায় তার সাথে যোগাযোগ করেন ওই দুই সাংবাদিক। এ সময় তিনি তথ্য দেওয়ার কথা বলে তাদের অপেক্ষা করতে বলেন এবং কালক্ষেপণ করতে থাকেন।

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে সাব-রেজিস্ট্রারের সহযোগী মো. আল মামুন তাদের কৌশলে বেউথা রোডস্থ ‘বার্গারগঞ্জ’ নামক রেস্ট‍ুরেন্টে নিয়ে যান। এরপর সাংবাদিকরা রেস্ট‍ুরেন্ট থেকে বাইরে বের হওয়ার সাথে সাথে বিবাদী ও তাদের সহযোগীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় এবং কিল-ঘুষি মেরে তাদের আহত করে।

হামলার একপর্যায়ে সাংবাদিকদের ব্যবহৃত একটি ক্যানন ৭১০০ মডেলের ক্যামেরা, বয়া মাইক্রোফোন ও একটি ট্যাব (যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা) ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া সম্পাদকের পকেটে থাকা নগদ ৮ হাজার টাকাও জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। এ সময় ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দুই হাজার টাকার ক্ষতি সাধন করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মানিকগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত নাজমুল হাসানের কোন বক্তব্য পাওয়া যায়নি।