ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৯:০০ অপরাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৮০ পরিবারের ঘরে ঘরে সেনাবাহিনীর ত্রাণ

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 6:32 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড়ধস ও টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনায় কাপ্তাই জোন (৩৮ বীর) মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার নতুন বাজার ঢাকাইয়া কলোনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কাপ্তাই জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ, পিএসসি। এ সময় পাহাড়ের ঢালু এলাকায় বসবাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

কাপ্তাই জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ, পিএসসি জানান, রাঙামাটি সেনা রিজিয়নের নির্দেশনা অনুযায়ী পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১৮০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের যেকোনো দুর্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন দুর্যোগের সময়ে ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া তাদের জন্য বড় ধরনের সহায়তা।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, পাহাড়ধস ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাপ্তাই জোন যেভাবে দাঁড়িয়েছে, তা কাপ্তাইবাসী কখনো ভুলবে না। কাপ্তাই ইউনিয়নবাসীর পক্ষ থেকে তিনি কাপ্তাই সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ত্রাণ বিতরণকালে প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য ইমান আলী এবং কাপ্তাই সেনা জোনের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।