রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর শাহবাগ এলাকার তিনটি ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১২ জুলাই) মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দবাজার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনের সড়কের ফুটপাত থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৃথক তিন স্থানে তিন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। বেলা ১১টার দিকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬০ বছর ও অপরজনের বয়স ৫৫ বছর।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, সকালে আনন্দ বাজার এলাকায় অমর একুশে হলের পাশের ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মামুন আরও জানান, প্রথমে তাদের পরিচয় জানা যায়নি। পরে বিকেলে সিআইডি ফরেনসিক বিভাগ দুজনের আঙুলের ছাপ থেকে পরিচয় শনাক্ত করে। আমান হোসেন রাজধানীর বংশাল এলাকার ও মো. হাবিব মতিঝিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা দুজনই ভবঘুরে জীবন যাপন করতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। যার বয়স আনুমানিক (৪০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে জানানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মৃত কারোরই নামপরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।











