ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

কুতুবদিয়ায় ঝুঁকিপূর্ণ শাহজীর পাড়ার ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

  • আপডেট: Monday, July 6, 2026 - 9:42 pm

এআর আব্বাস ছিদ্দিকী (কুতুবদিয়া) :

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে পিলটকাটা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ শাহজীর পাড়া ব্রিজটি ধসে পড়েছে। সোমবার সকালে টানা বৃষ্টি ও তীব্র পানির স্রোতে ব্রিজটি ভেঙে পড়ায় কৈয়ারবিল ইউনিয়নের মলমচরের সঙ্গে ওই এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক টানা বৃষ্টি ও পিলটকাটা খালের তীব্র স্রোতে ব্রিজটির একটি অংশ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, সাবের আহমেদ ও মো. রাহাতসহ অনেকেরই অভিযোগ, ব্রিজটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল ও দুর্বলতা দেখা দিয়েছিল। বিষয়টি জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার জানানো সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে আজ পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দু শুক্কুর জানান, দ্রুত একটি বিকল্প ব্রিজের ব্যবস্থা করা জরুরি। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। তাই দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ বাড়ার পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শফিউল আলম জানান, দীর্ঘদিন সংস্কার না করায় ব্রিজটি এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিদ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, জনপ্রতিনিধি ও উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক অতিবর্ষণে এটি সম্পূর্ণ ভেঙে পড়েছে। উপজেলা প্রকৌশল বিভাগ থেকে ব্রিজটি পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলেই নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।