রাঙ্গামাটির লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদুতে মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন।
সোমবার সকাল ৭টায় দীঘিনালার উদ্দেশ্যে বাইট্টাপাড়া থেকে ছেড়ে যাওয়া মাহিন্দ্র ও সোনাই পাঁচ নম্বর থেকে ছেড়ে আসা অটোরিকশা ইসলামবাদ নাজিমটিলা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হন।
পরবর্তীতে দ্রুত সময়ে পাশ্ববর্তী লোকজন আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সকলকে রাঙ্গামাটিতে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু রিফাত মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। অন্য পাঁচজন এখনো চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাই পাঁচ নম্বর থেকে ছেড়ে আসা অটোরিকশাটি দ্রুত গতিতে এসে মোড় ঘুরতে না পেরে মাহিন্দ্রর ওপর উঠে যায় এবং সঙ্গে সঙ্গে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা সবাই আহত হন। অপরদিকে মাহিন্দ্রর যাত্রীরা নিরাপদ রয়েছেন।
অটোমালিক সমিতির সভাপতি দুলাল জানান, অটোচালক বরকত তাদের সমিতির সদস্য নন। তিনি নতুন গাড়ি নিয়েছেন। কিছুদিন আগে সমিতিকে অবগত করেছিলেন যে তিনি গাড়ি রাস্তায় চালাবেন। তিনি আরও জানান, অটোচালক বরকত যেদিন গাড়ি নিয়েছেন সেদিনই পাহাড়ের নিচে পড়ে গিয়েছিলেন। তারপরও সমিতির পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে।
মাহিন্দ্র মালিক সমিতির জামাল হোসেন জানান, তাদের এখান থেকে সকাল ৬টায় নুর আলম যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা করেন। নাজিমটিলা নামক স্থানে গেলে খবর পান যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে অটোরিকশাটির উল্টো পাশে আসার চিত্র দেখতে পান। এছাড়াও গাড়িতে থাকা যাত্রীরাও তা নিশ্চিত করেন।
এদিকে অটোরিকশার সবাই আহত অবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে থাকায় তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি।
লংগদু থানার অফিসার ইনচার্জ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িগুলো জব্দ করার চেষ্টা চলছে। স্বজনদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। থানায় অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।











