নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই লেকে বিএফডিসির অভিযান, বিপুল অবৈধ জাল ও ৪ নৌকা জব্দ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।
মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে রাঙামাটির কাপ্তাই লেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও চারটি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপশাখা এবং নৌ পুলিশ।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া ও হাজাছড়া এবং রাঙামাটি সদর উপজেলার গবঘোনা ও বাঘছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপশাখার উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। অভিযান চলাকালে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং চারটি কাঠের নৌকা জব্দ করা হয়।
মো. জসিম উদ্দিন জানান, কাপ্তাই লেকে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তিন মাসের জন্য মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকার করে আসছিলেন।
তিনি আরও বলেন, “নিষেধাজ্ঞা কার্যকর এবং অবৈধ মাছ শিকার রোধে নৌ পুলিশকে সঙ্গে নিয়ে কাপ্তাই লেকের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিএফডিসি সূত্রে জানা গেছে, কাপ্তাই লেকের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য মাছ আহরণ নিষিদ্ধ রাখা হয়। এ সময়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











