ঢাকা | জুন ২৩, ২০২৬ - ১২:৩০ পূর্বাহ্ন

বরকলে বিজিবির আর্থিক সহায়তা ও অনুদান প্রদান

  • আপডেট: Monday, June 22, 2026 - 9:15 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন ২০২৬) ছোট হরিণা ব্যাটালিয়ন সদর এলাকায় আয়োজিত এ কার্যক্রমে মোট ১৫ জন উপকারভোগীর মাঝে আনুমানিক ৭৫ হাজার টাকার সহায়তা ও অনুদান প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ৮টায় ব্যাটালিয়ন সদরের টটিনী পোস্ট সংলগ্ন এলাকায় এসব উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ অর্থ, সেলাই মেশিন, সোলার সিস্টেম ও বৈদ্যুতিক ফ্যান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।