কাপ্তাইয়ে সৌদিয়া বাস ও নৌবাহিনীর গাড়ির সংঘর্ষ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই পুরান থানা সংলগ্ন এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বাংলাদেশ নৌবাহিনীর একটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো ব-১১-১০৪৬) কাপ্তাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে রাঙ্গুনিয়ার লিচুবাগানগামী নৌবাহিনীর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশ এবং নৌবাহিনীর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী বা গাড়িতে থাকা ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ জানান, উভয় গাড়িই সীমিত গতিতে চলছিল। গাড়ি দুটি কাছাকাছি আসার সময় নৌবাহিনীর গাড়িটি হঠাৎ ব্রেক করলে এবং ওই সময় হালকা বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় উভয় গাড়ির চাকা নিয়ন্ত্রণ হারায়। এতে নৌবাহিনীর গাড়ির পেছনের অংশের সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশের সংঘর্ষ ঘটে।
তিনি আরও জানান, বাসটিতে চারজন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।











