ঢাকা | জুন ১৯, ২০২৬ - ২:৪৪ অপরাহ্ন

৯ জনের কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয়

  • আপডেট: Friday, June 19, 2026 - 11:26 am

স্পোর্টস ডেস্ক।। ফুটবল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়ল কানাডা। তাও ঘরের মাঠে কাতারকে ৬-০ চূর্ণ করে! টরন্টোর ভ্যাঙ্কুভার স্টেডিয়ামের ৫৩ হাজার দর্শক সাক্ষী থাকলেন সেই ইতিহাসের।

কাতারের বিরুদ্ধে হ্যাটট্রিক করে কানাডার হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন জোনাথন ডেভিড। ৭৯টি ম্যাচে ৪২টি গোল হয়ে গেল তার। এ দিন প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় কানাডা। ১৬ মিনিটে শুরুটা করেন কাইল ল্যারিন। ডেভিড ২৯, ৪৮ ও ৯২ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন। নাথান সালিবা ৬৪ ও মহম্মদ মানাই ৭৫ মিনিটে আরও দু’টি গোল করে ব্যবধান বাড়ান।

বিশাল ব্যবধানে জিতলেও এই ম্যাচে একটা কাঁটা রয়ে গেল কানাডার জন্য। চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় দলের বড় ভরসা, মিডফিল্ডার ইসমাইল কোনে-কে। বিশ্বকাপের পরের ম্যাচগুলিতে তিনি মাঠে নামতে পারবেন কি না সেই আশঙ্কা ইতিমধ্যেই দানা বাঁধছে। ম্যাচের পরে জোনাথন ডেভিডকেও চিন্তিত দেখিয়েছে সতীর্থের জন্য। তিনি বলেন, ‘‘ও এই দলটার সবকিছু। এটা আমাদের পক্ষে একটা কঠিন সময়। কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। ওর জন্য আমাদের লড়ে যেতে হবে।’’

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাতারের আসিম মাদিবো-র কড়া ট্যাকলে চোট লাগে কোনে-র। সে জন্য মাদিবোকে লাল কার্ডও দেখতে হয়। তার আগে প্রথমার্ধের ৩৩ মিনিটে লাল কার্ড দেখেছিলেন কাতারের হোমাম আহমেদ। ফলে, একটা বড় সময় নয়জনে খেলতে হয় কাতারকে। কানাডাও জয়ের ব্যবধান বাড়িয়ে নিতে যায় সহজেই। বিশ্বকাপে তিন গোল করে আপাতত আর্জেন্টিনার লিয়োনেল মেসিকেও ছুঁয়ে ফেললেন কানাডার ডেভিড।

কাতারের বিরুদ্ধে গা-জোয়ারি খেলার অভিযোগ তুলে ম্যাচ শেষের পর কানাডার ফুটবলারদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় দু’দলের কোচকেও। ম্যাচের শেষে কাতারের কোচ জুলেন লোপেতেগুই বলেন, ‘‘নানা কারণে এই ম্যাচটা খুব কঠিন ছিল। এই আবহে দু’জন কম খেলোয়াড় নিয়ে পরিস্থিতি সামলানো খুব কঠিন হয়ে ওঠে।’’