ঢাকা | জুন ১৪, ২০২৬ - ৩:৪০ অপরাহ্ন

৩৬ বছর পর বিশ্বকাপে জয় পেল স্কটল্যান্ড

  • আপডেট: Sunday, June 14, 2026 - 12:46 pm

স্পোর্টস ডেস্ক।। স্কটল্যান্ড বিশ্বকাপে ফিরেছে ২৮ বছর পর। তবে ফুটবলের বিশ্ব আসরে তাদের সবশেষ জয়টা ছিল সেই ৩৬ বছর আগে। সে খরা কাটাল স্কটিশরা। ৫২ বছর পর বিশ্বকাপে আসা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচে গোলের নায়ক হলেন জন ম্যাকগিন। ম্যাচের ২৮ মিনিটে মাঠের বাঁ দিক থেকে চে অ্যাডামস দৌড়ে হাইতির রক্ষণকে ছড়িয়ে দিয়েছিলেন। সেই আক্রমণ থেকে নিচু ক্রস এলে ম্যাকগিন সেটি হাইতির জালে পাঠিয়ে দেন। ২৮ বছরে প্রথমবার বিশ্বমঞ্চে গোল পেল স্কটল্যান্ড।

গোল হজম করার পর থেকে হাইতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ৩৪ মিনিটে প্রভিডেন্স বাম দিক থেকে কাটইন করে শট নেন। গোলরক্ষক গান বিপজ্জনকভাবে বলের নিয়ন্ত্রণ হারান। তবে হেন্ড্রি সঠিক সময়ে এগিয়ে বল ক্লিয়ার করেন। ৩৭ মিনিটে মিডফিল্ডে ম্যাকগিন বল হারান বেলেগার্দের কাছে। প্রভিডেন্স শট নেওয়ার আগেই হিকি এগিয়ে এসে বিপদ ঠেকান। বিরতিতে স্কটল্যান্ড এগিয়ে থেকেই মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধেও হাইতির চাপ অব্যাহত থাকে। তবে স্কটল্যান্ডও সুযোগ তৈরি করেছে। ৭০ মিনিটে ম্যাকগিনের সামনে ম্যাচের সেরা সুযোগ আসে। বক্সে অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে তিনি শট নেন। কিন্তু সেটি পোস্টের বাইরে চলে যায়।

৮০ মিনিটে হাইতি সমতা ফেরানোর সবচেয়ে সহজ সুযোগটা পায়। পিয়েরো ডান পাশ থেকে আসা ক্রসে প্রায় ফাঁকায় হেড করেন। সেই হেডারও পোস্টের একটু বাইরে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।

এর ফলে ৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের দেখা পেল স্কটিশরা। ১৯৯০ বিশ্বকাপে তারা হারিয়েছিল সুইডেনকে। এরপর ১৯৯৮ বিশ্বকাপ খেললেও সেই আসরে জয়ের দেখা পায়নি তারা। তাদের সে আক্ষেপ কাটল এবার।