ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৪:১৪ অপরাহ্ন

শিরোনাম

নাঈম হাসানকে মারধর-পুলিশি হেনস্তা, লিটন তাসকিন মিরাজ শান্ত মুশফিকের ক্ষোভ

  • আপডেট: Saturday, June 13, 2026 - 1:27 pm

ডেস্ক রিপোর্ট।। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগে ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার।

অভিযোগ অনুযায়ী, গত ১২ জুন শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় তাকে থামানো হয়। শুরু থেকেই তার সঙ্গে বৈরী আচরণ করা হয়।কথা বলার চেষ্টা করলে গলা চেপে ধরা হয় এবং পরে পাইপ দিয়ে মারধর করা হয়। এরপর খুলশী থানায় নেওয়ার পরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এবার এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নাঈমের সতীর্থ মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদসহ অনেকে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক লিখেছেন, ‘নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।’

বাংলাদেশ দলের পেসার তাসকিন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

বাংলাদেশ টি–টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস সতীর্থকে সাহস জুগিয়ে লিখেছেন, ‘মাথা উঁচু রাখো নাঈম। তুমি একজন চমৎকার মানুষ। নাঈম হাসানের সাথে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখাটা হৃদয়বিদারক। একজন সহকর্মী এবং সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি সত্যিই মর্মাহত।’

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় তদন্তের আহ্বান বিসিবির
লিটন আরও লিখেছেন, ‘এই দেশের কোনো নাগরিকেরই এমন আচরণ প্রাপ্য নয়, বিশেষ করে একজন জাতীয় ক্রিকেটার যিনি গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ঘটনায় সুষ্ঠু ও যথাযথ তদন্তের আশা করছি এবং যেন দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হয়।’

ঘটনার প্রতিবাদ জানিয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, এটি অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। তিনি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পারভেজ হোসেন ইমন বলেন, একজন জাতীয় দলের খেলোয়াড় দেশের গৌরব ও সম্পদ। তার সঙ্গে এমন আচরণ শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

মোসাদ্দেক হোসেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি করেন। মুশফিকুর রহিম বলেন, ঘটনাটি তাকে ব্যথিত ও লজ্জিত করেছে এবং তিনি সুষ্ঠু বিচার চান।

নাসুম আহমেদ বলেন, একজন ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও এমন আচরণের শিকার হওয়া উদ্বেগজনক। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব এক বিবৃতিতে জানায়, নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈমের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

খুলশী পুলিশ জানিয়েছে, এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।