ঢাকা | জুন ৯, ২০২৬ - ৪:০৪ অপরাহ্ন

শিরোনাম

ইতিহাস গড়ে স্পেনের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পেলেন মেসি

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 1:23 pm

স্পোর্টস ডেস্ক।। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আবারও ইতিহাস গড়লেন। স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৬ জিতে ইতিহাসে প্রথমবার একক ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।

এর আগে ফুটবল থেকে দলগত বা যৌথভাবে পুরস্কার দেওয়া হলেও কোনো একক ফুটবলারকে এই স্বীকৃতি দেওয়া হয়নি।

পুরস্কার কমিটি শুধু মাঠের সাফল্য নয়, মেসির মানবিক কর্মকাণ্ডকেও বিশেষভাবে মূল্যায়ন করেছে। শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের অবদান, বিনয়ী ব্যক্তিত্ব এবং খেলাধুলার ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ভূমিকাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

বর্তমানে ইন্টার মিয়ামির অধিনায়ক মেসি ইতোমধ্যেই বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ ও রেকর্ড আটটি ব্যালন ডি’অর জয়ের কীর্তি গড়েছেন। তবে এই পুরস্কার তার ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করেছে, কারণ এটি কেবল একজন ফুটবলারের নয়, একজন বৈশ্বিক ক্রীড়া দূত ও মানবিক ব্যক্তিত্বের স্বীকৃতি।

পুরস্কার ঘোষণার পর মেসি বলেন, এই সম্মান তার জন্য ‘অত্যন্ত গর্বের’, কারণ এটি মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের কাজকেও স্বীকৃতি দিয়েছে।

বিশ্বকাপের বছরেই এই সম্মান পাওয়ায় আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। আগামী বিশ্বকাপে শিরোপাধারী আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়া মেসির জন্য এটি যেন আরেকটি মুকুট, যা প্রমাণ করে তিনি শুধু ফুটবলের কিংবদন্তি নন, ক্রীড়াজগতের অন্যতম প্রভাবশালী মানবিক মুখও।