ঢাকা | জুন ৫, ২০২৬ - ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

  • আপডেট: Thursday, June 4, 2026 - 10:18 pm

ডেস্ক রিপোর্ট।। দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তাদের মৃত্যু হয়।

বজ্রপাতে মৃতরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুরের হাসান আলী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজন মারা গেছেন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিনজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ।

পরে স্থানীয়রা আব্দুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। এছাড়া একই সময়ে নাচোল উপজেলা নিজামপুর এলাকায় আম কুড়াতে গিয়ে হাসান আলি নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।

বগুড়া: সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলায় মায়ের সঙ্গে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন।

রাব্বি হোসেন উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন তার মাকে গুরুতর অবস্থায় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। শাহাদাত একই এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহন করছিলেন। এ সময় ট্রাক্টরের চাকা নরম মাটিতে আটকে যায়। বাড়ি কাছাকাছি হওয়ায় ট্রাক্টরের চাকা তোলার জন্য একটি বেলচা আনতে বাড়িতে যান তিনি। বেলচা নিয়ে ঘটনাস্থলে ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন শাহাদাত। স্থানীয় লোকজন দ্রুত শাহাদাতকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বজ্রপাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. মধু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সন্ধ্যায় উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মধু ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এবং বিকেলে জেলার গফরগাঁও এবং মুক্তাগাছা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন– মুক্তাগাছা উপজেলার গাবতলি ডিগ্রি কলেজের গণিত বিভাগের শিক্ষক এএসএম খালেকুল আজাদ (৫৬) এবং গফরগাঁও উপজেলার পাঁচ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের রুকুন উদ্দিনের ছেলে সিয়াম (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় বৃহস্পতিবার নিজ গ্রাম মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহার চরবাজারে মসজিদ নির্মাণ কাজ তদারকি করছিলেন কলেজশিক্ষক এএসএম খালেকুল আজাদ। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে আজাদ পাশের একটি আম গাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় আজাদকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, হাসপাতালে আনার আগেই কলেজশিক্ষক আজাদ মারা গেছেন।

অপরদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সিয়াম দুপুরে নিজেদের জমিতে কৃষিকাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হলে সিয়াম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।