ঢাকা | মে ২৫, ২০২৬ - ৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম

ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী

  • আপডেট: Monday, May 25, 2026 - 7:47 pm

চুয়াডাঙ্গা সংবাদদাতা।। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাথে যা ঘটেছে তা শোভনীয় নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, ঝিনাইদহে এনসিপির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে বিএনপিও একইভাবে দেখছে।

সোমবার (২৫ মে) চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা সংশ্লিষ্ট যে-সব বিচারিক আদালত রয়েছে সে আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেছে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন সেই আদালতগুলো খোলা থাকবে।

তিনি আরও বলেন, রামিসা হত্যা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে আসামি জবানবন্দি দিয়েছে। এক সপ্তাহের মধ্যে মামলাটির চার্জশিট হয়েছে। ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। মামলাটি বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গিয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২২ মে) ঝিনাইদহে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পাটওয়ারী অভিযোগ করেন, মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন।