ঢাকা | মে ২৪, ২০২৬ - ৭:০৫ অপরাহ্ন

শিরোনাম

বজ্রপাতে মারা গেল কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা গরু

  • আপডেট: Sunday, May 24, 2026 - 5:56 pm

 

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা একটি গরু বজ্রপাতে মারা গেছে। এতে ভেঙে পড়েছেন গরুটির মালিক।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গরুটির মালিক উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল তিন মণ ওজনের ষাঁড়টি। রোববার দুপুরে হঠাৎ বজ্রপাতে গরুটি মারা যায়। এর আগে শুক্রবার (২২ মে) বিক্রির জন্য ষাঁড়টি আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। ক্রেতারা এক লাখ ১০ হাজার টাকা বলেছিলেন। কিন্তু মালিক দিদারুল আলম চেয়েছিলেন এক লাখ ২০ হাজার টাকা।

দিদারুল আলম বলেন, “অনেক কষ্টে কোরবানিতে বিক্রির জন্য গরুটি মোটাতাজা করেছি। আজ সকালে বাড়ির পাশে মাঠে বেঁধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গরুর কাছে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। এক লাখ ২০ হাজার টাকা মূল্যের গরুটি মারা যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।”

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, “মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।”