খাগড়াছড়িতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ’ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকালে জেলা শহরের লারমা স্কয়ার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলিন চাকমা।
পরে আলোচনা সভার উদ্বোধন করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। সভায় পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় চাকমা সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি সুমন্ত চাকমা।
পিসিপির সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক বিজয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সহ-সভাপতি লবিয়ত চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় এখনো পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। ভূমি বেদখল, নির্যাতন-নিপীড়ন এবং পাহাড়ি জনগোষ্ঠীর মৌলিক অধিকার বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে বলেও তারা অভিযোগ করেন।
এসময় বক্তারা দাবি করেন, নিরপেক্ষ ভূমি কমিশনের অভাবে পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের ভূমি সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ভূমি-সংক্রান্ত সংকট তুলে ধরে পিসিপি গঠনের ইতিহাস ও প্রেক্ষাপট নিয়েও আলোচনা করা হয়।











