ঢাকা | মে ২১, ২০২৬ - ১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

লক্ষীছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ‘১ টাকার বাজার’

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 7:00 pm

খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এর লক্ষীছড়ি জোন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা মাঠে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ‘১ টাকার বাজার’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) আয়োজিত এ কর্মসূচিতে চক্ষু, স্ত্রীরোগ, শিশুরোগসহ বিভিন্ন সাধারণ রোগে আক্রান্ত প্রান্তিক পাহাড়ি ও বাঙালি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরিচালিত এ মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসা সেবার পাশাপাশি স্থানীয় পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি পরিবারের জন্য বিশেষ ‘১ টাকার বাজার’ পরিচালনা করা হয়। এ বাজার থেকে উপকারভোগীরা নামমাত্র মূল্যে প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহের সুযোগ পান।

অনুষ্ঠানে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার, সামরিক কর্মকর্তাবৃন্দ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কঠিন। সেখানে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।