মহালছড়িতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ কর্মশালা
মহালছড়ি প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা এ পেশাদার ও মৌসুমি কসাইদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা হলরুমে “খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহালছড়ি।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূপর্ণা দে। তিনি বলেন, কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ ও চামড়া পরিচর্যায় সচেতনতার অভাবে প্রতিবছর স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনা ঘটে। সঠিক নিয়ম অনুসরণ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার গুণগত মানও বজায় রাখা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ছাত্তার এবং মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় ইমাম, পেশাদার ও মৌসুমি কসাইসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, পশুর বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে ব্যবহারিক বিষয়ও প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, ঈদুল আজহার সময় জনস্বাস্থ্য সুরক্ষা এবং কোরবানির পশুর মাংস ও চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।











