নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা, শেষবিদায় ছিল একান্ত পরিবারের
বিনোদন ডেস্ক।। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা হামিদের দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কারিনার নানা বাড়ির আঙিনায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
এর আগে, আজ সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে তার মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হলে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় এবং শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে কারিনার লিভার কার্যত অচল হয়ে পড়েছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তার লিভার প্রতিস্থাপনের (লিভার ট্রান্সপ্ল্যান্ট) প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অস্ত্রোপচারের আগেই হঠাৎ তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।











