ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

  • আপডেট: Monday, May 18, 2026 - 10:23 am

কয়রা সংবাদদাতা।। খুলনার কয়রা উপজেলায় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৩৩) নামের এক ওষুধ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ভবতোষ মৃধা ওই এলাকার একজন সুপরিচিত ব্যবসায়ী। একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এই হামলায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রোববার দিনগত গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ভবতোষ মৃধার ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। চুরির শব্দ পেয়ে ভবতোষ জেগে ওঠেন এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তার পায়েও কোপ দেয়।

মিজানুর রহমান আরও জানান, পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, খবর পাওয়ার পরপরই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অপরাধের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।