ঢাকা | মে ১৫, ২০২৬ - ৫:১৭ অপরাহ্ন

শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে সাফল্য চায় বিএনপি

  • আপডেট: Friday, May 15, 2026 - 3:32 pm

নিজস্ব প্রতিবেদক।। স্থানীয় সরকার নির্বাচনেও সাফল্য পেতে চায় বিএনপি। সে জন্য দল শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনপি সরকার গঠনের পর থেকে স্থানীয় সরকারের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিছু জায়গায় দলীয় প্রার্থীও ঘোষণা করেছে।

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস পাওয়া গেছে। নির্বাচন কমিশনেরও (ইসি) স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেলে ইসি তফসিল ঘোষণা করবে বলে জানা গেছে।

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা পাওয়া না গেলেও চলতি বছরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিএনপি পরীক্ষা হিসেবে নিয়ে সংসদ নির্বাচনের মতো বড় সাফল্য পেতে চায়।

বড় সাফল্যের জন্য আগেভাগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে কেন্দ্র থেকে তৃণমূলে এরই মধ্যে নির্দেশ গেছে। নির্দেশমতো দলের তৃণমূলের নেতা-কর্মীরা সরব হয়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা অনানুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। নিজ এলাকায় বিভিন্ন উপলক্ষ ঘিরে পোস্টার, ফেস্টুন, ব্যানার টানাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

স্থানীয় নির্বাচন নিয়ে দলের প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর পূর্ণ শক্তি নিয়ে নেতা-কর্মীরা ভোটের মাঠে নামবেন। সরকারের অর্জনগুলো জনমনে ইতিবাচক ধারণা তৈরি করেছে দাবি করে নির্বাচনে দলীয় নেতাদের জয়ের ব্যাপারেও আশাবাদ জানান তিনি।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে শক্ত অবস্থান নিশ্চিত করতে না পারলে জাতীয় পর্যায়ে জনপ্রিয়তা কমতে পারে। এ কারণে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন দল ও সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘নির্বাচনে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। প্রতিপক্ষকে সমীহ করেই আমরা কাজ করতে চাই। কারণ, তৃণমূলের ভোট। দলীয় প্রতীক নেই। তবে আমরা বিশ্বাস করি, জনগণ আমাদের সঙ্গে থাকবে।’