ঢাকা | মে ৯, ২০২৬ - ৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

  • আপডেট: Saturday, May 9, 2026 - 12:36 pm

আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভির।

 

প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।

 

প্রতিবেদন মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী সাধারণ গেরুয়া রঙের কুর্তা পরে শপথ নেন। তার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।

অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে অনুষ্ঠানস্থলে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছাদ খোলা গাড়িতে মোদির পাশেই ছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁরা তিনজন হাত নেড়ে জনতাকে অভিবাদন জানান।

রবীন্দ্র জয়ন্তীর এ দিনে শপথ মঞ্চে উঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। বাজানো হয় জাতীয় সংগীত।

 

আগেই অনুষ্ঠানস্থলে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। শপথ মঞ্চে দেখা গেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, জেপি নাড্ডাকে।

 

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশ, আসামের হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মানিক সাহা, দিল্লির রেখা গুপ্ত, বিহারের সম্রাট চৌধুরী, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি প্রমুখ।

আরও ছিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, অভিনেতা মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। কলকাতা আর দেশের বিশিষ্ট ব্যক্তিদের অনেকে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন। রাজ্যের সবগুলো জেলা থেকে বিজেপির নেতা-কর্মীরাও এসেছেন।

 

এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হলেন তাঁরই এক সময়ের ঘনিষ্ঠ মিত্র ও বর্তমানে রাজ্য বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু।

 

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারা। তখন শুভেন্দু বিজেপির ২০৭ জন নবনির্বাচিত বিধায়কের সইসহ নতুন সরকার গড়ার আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দেন।

 

তার আগে গতকালই কলকাতার নিউ টাউনে কনভেনশন সেন্টার হলে বিজেপির জয়ী ২০৭ বিধায়ককে নিয়ে পরিষদীয় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বৈঠকের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসানোর ঘোষণা দেন অমিত শাহ।