ঢাকা | মে ৯, ২০২৬ - ৫:৪২ অপরাহ্ন

শিরোনাম

২৩ বছর পর একসঙ্গে শাহরুখ-সাইফ

  • আপডেট: Saturday, May 9, 2026 - 11:45 am

বিনোদন ডেস্ক।। দীর্ঘ ২৩ বছর আগে ‘কাল হো না হো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন শাহরুখ খান ও সাইফ আলি খান। সেই জনপ্রিয় জুটি এবার আবারও এক হচ্ছেন নতুন প্রজেক্ট ‘কর্তব্য’ নিয়ে।

তবে এবার দুজনকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র ব্যানারে নির্মিত হয়েছে ক্রাইম ড্রামা ‘কর্তব্য’। এতে অভিনয় করেছেন সাইফ আলি খান, আর প্রযোজকের ভূমিকায় রয়েছেন শাহরুখ।

সম্প্রতি মুম্বাইয়ে জমকালো আয়োজনে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে উপস্থিত হয়ে দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খানকে নিয়ে খোলামেলা কথা বলেন সাইফ।

সাইফ জানান, পুরো শুটিং চলাকালে একদিনের জন্যও সেটে যাননি শাহরুখ। তার ভাষায়, ‘শাহরুখ এমন একজন প্রযোজক, যিনি বিশ্বাস করেন পরিচালককে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত। তিনি বোঝেন, তার মতো বড় তারকার উপস্থিতি অনেক সময় সেটে বাড়তি চাপ তৈরি করতে পারে। তাই পরিচালককে নিজের মতো করে কাজ করার সুযোগ দিয়েছেন।’

আরও জানান, ‘কর্তব্য’ সিনেমার চিত্রনাট্য শুনতে বলেছিলেন শাহরুখ। গল্পটি ভালো লাগায় কাজটিতে যুক্ত হন তিনি। পরে সিনেমাটি দেখে শাহরুখ তার অভিনয়ের প্রশংসাও করেছেন বলে জানান সাইফ।

গৌরী খান প্রযোজিত এবং পুলকিত পরিচালিত ‘কর্তব্য’ একটি চরিত্রনির্ভর ক্রাইম ড্রামা। এতে সাইফ আলি খানের পাশাপাশি অভিনয় করেছেন রসিকা দুগাল, সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মণীশ চৌধুরী।

 

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ন্যায়বিচার, বিবেক ও মানুষের নৈতিক সংকটকে ঘিরে। নির্মাতাদের দাবি, টানটান উত্তেজনার মধ্য দিয়ে দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে সিনেমাটি। আগামী ১৫ মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাবে ‘কর্তব্য’।