ঢাকা | মে ৯, ২০২৬ - ৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে আগমন, শুভেচ্ছা সফর

  • আপডেট: Friday, May 8, 2026 - 6:41 pm

চট্টগ্রাম ব্যুরো::

ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনায়না (INS SUNAYNA) বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছে। শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানায়। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ তাকে অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিন্টেন্ডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণও ভারতীয় জাহাজ পরিদর্শন করবেন।

এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। সেই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

উল্লেখ্য, সফর শেষে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি আগামী ১০ মে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।