ঢাকা | মে ৬, ২০২৬ - ৮:০০ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে পৃথক অভিযানে বিদেশি মদ-পণ্যসামগ্রীসহ গ্রেফতার ১৩

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 5:53 pm

এম এ হাসান, টেকনাফ।।

সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক ২টি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি এবং মিয়ানমারে পাচারকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত ৫ মে মঙ্গলবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, টেকনাফ শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় আজ ৬ মে বুধবার রাত ১টায় শাহপরীর দ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দা এবং পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।