ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:১১ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে ছাদ থেকে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 5:54 pm

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ‘হাসান টাওয়ার-১’ নামের একটি ভবনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত কারিম প্রবাসী মহিনউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে কারিম অজান্তেই ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারায় খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।

দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভবনের নিচে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান।

এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।